ক্যাম্পাস

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

ঢাবি প্রতিনিধি

শেয়ারঃ

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।


শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সাংবাদিক সমিতির বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা নেওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


কর্মসূচিতে সংহতি জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি, বিডিনিউজ২৪-এর সাংবাদিক ও সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, সাবেক কার্যনির্বাহী সদস্য ইয়ামিন সাজিদ, দিনের আলোর সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক গণজাগরণের সাংবাদিক মো. আবু সাঈদ, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর বাংলাদেশ প্রতিনিধি হোসাইন তারেক, সাংবাদিক ও ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির, দৈনিক এদিন-এর সাংবাদিক সুমন্ত চক্রবর্তী এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজনসহ আরও অনেকে।


মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম যখন সত্য প্রচারের পরিবর্তে শক্তির প্রচার করে, তখন সেই সমাজ ও রাষ্ট্র ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে শাসকশ্রেণির পক্ষে অবস্থান নেয় এবং নির্যাতিতদের আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তখন রাষ্ট্রটি চূড়ান্ত ফ্যাসিবাদের রূপ নেয়।


তিনি আরও বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে গণমাধ্যমের স্বাধীনতা কেবল স্বপ্ন হয়েই থাকবে।


দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখনো মামলা লিপিবদ্ধ হয়নি। ঘটনাটি আপনাদের থানার ভেতরেই ঘটেছে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত মামলা গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।


তিনি আরও বলেন, হামলাকারী শিক্ষার্থীদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, দ্রুত দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন।


দ্য ডেইলি স্টারের সাংবাদিক সিরাজুল ইসলাম রুবেল বলেন, ক্যাম্পাসে কোনো নির্যাতনের ঘটনা ঘটলে ডুজার সদস্যরাই সবার আগে তা জাতির সামনে তুলে ধরেন। অথচ আজ তাদের ওপরই অন্যায়ভাবে হামলা হয়েছে। এর বিচার দাবিতেই আমরা এখানে দাঁড়িয়েছি।


তিনি আরও বলেন, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শাহবাগ থানায় গেলেও চার ঘণ্টা অপেক্ষার পরও ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করতে পারেননি।


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীর পক্ষ নেবেন না। অতীতে আমরা এমন ঘটনার বিচার পেয়েছি। এখন কেন তা পাওয়া যাচ্ছে না?


সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আমার আট বছরের সাংবাদিকতা জীবনে এমন ঘটনা দেখিনি। ছাত্রদলসহ অন্যান্য সংগঠন যখন ক্যাম্পাসে আন্দোলন করেছে, তখন তাদের সহযোগিতা করেছে সাংবাদিক সমিতি। অথচ আজ তারাই আমাদের ওপর হামলা করেছে।


তিনি আরও বলেন, ঘটনার পর ছাত্রদলের পক্ষ থেকে ব্যবস্থা না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নানা টালবাহানার মাধ্যমে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছে। দ্রুত দাবি আদায় না হলে সারাদেশের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সমিতির নবনির্বাচিত সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদ জানালে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়, যা নিন্দনীয়। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।


সম্পর্কিত খবর