ক্যাম্পাস

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মরত সাংবাদিকরা। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, মামলা দায়ের, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


এসময় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, ২২ ও ২৩ এপ্রিল সাংবাদিকদের ওপর হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এমনকি শাহবাগ থানার ভেতরে এই হামলা হওয়া নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তোলে। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে বহিষ্কার এবং ক্যাম্পাস সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কার করতে হবে। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তার পরিণতি ভালো হয়নি। একই পথে চললে ভবিষ্যতেও এর ফল ভোগ করতে হবে। সত্যের পক্ষে সাংবাদিকদের কলম কখনো থামবে না। আমরা এই হামলায় জড়িতদের দ্রুত সংগঠন থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।


ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলা মানেই গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়; বরং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে।


তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এর পরিণতি দেশবাসী দেখেছে। একই পথে হাঁটলে একই পরিণতি এড়ানো যাবে না। আমরা এই মানববন্ধন থেকে হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও শিবিরের উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক হামলার শিকার হন।


সম্পর্কিত খবর