ক্যাম্পাস

ঢাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চবি প্রতিনিধি

শেয়ারঃ

ঢাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।


শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন চবিসাসের সদস্যসহ ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিকরা।


মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।


মানববন্ধনে চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ছাত্রদল হামলা ও নির্যাতন শুরু করেছে। আপনারা যদি পেশিশক্তির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চান, তাহলে মনে রাখবেন— আপনাদের পেশিশক্তি যদি পাহাড়সম হয়, সাংবাদিকদের কলমের শক্তি আকাশসম।


তিনি বলেন, আমরা আমাদের কলমের মাধ্যমে সকল অন্যায়, অবিচার ও নির্যাতন দেশের মানুষের সামনে তুলে ধরব। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।


চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, ঢাবির সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়; বরং এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ও কলঙ্কজনক ঘটনা হিসেবে থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি দেশের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব গড়ে ওঠে।


তিনি আরও বলেন, এই ঘটনায় ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা আশা করি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের গঠিত তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়সংগত তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঢাবি প্রশাসনও যেন একাডেমিক ও প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।


চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদমাধ্যম। সেই স্তম্ভের ওপর হামলা চালানো অত্যন্ত লজ্জাজনক। সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। পেশিশক্তির জোরে তাদের ওপর হামলা চালানো হলে তা সাংবাদিক সমাজ কখনোই মেনে নেবে না। থানার ভেতরে গিয়ে সাংবাদিকদের মারধরের মতো দুঃসাহসিক ঘটনা এর আগে দেখা যায়নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি বিচার নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত খবর