ক্যাম্পাস

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা।


শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এনপিবি নিউজের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার প্রতিনিধি এটিএম মাহফুজ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক যশোরের প্রতিনিধি রকিবুল হাসান তারেক, রাইজিংবিডির প্রতিনিধি ইমদাদুল ইসলাম এবং যবিপ্রবিসাস সদস্য রোকাইয়া।


যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি এটিএম মাহফুজ বলেন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশের কল্যাণে গণমাধ্যম সবসময় স্বাধীনভাবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। তবে সম্প্রতি ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।


যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য রোকাইয়া বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশে সর্বদা সোচ্চার থাকেন। তাদের ওপর এ ধরনের হামলা অমানবিক ও নিন্দনীয়। দেশের শীর্ষ বিদ্যাপীঠে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের ওপর এমন আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।


মানববন্ধনের সমাপনী বক্তব্যে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন বলেন, শাহবাগ থানায় দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।


এছাড়া মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর