ক্যাম্পাস
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের মৃত্যুতে রাবি উপাচার্যের শোক প্রকাশ
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস দেশের চিকিৎসাক্ষেত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। চক্ষু চিকিৎসায় তাঁর অবদান এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তাঁর ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও অভিজ্ঞ শিক্ষককে হারাল, যা অপূরণীয় ক্ষতি।
উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।








