জাতীয়

মেঘের আড্ডা শেষে রাজধানীতে শুরু ঝুম বৃষ্টি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মেঘের আড্ডা শেষে রাজধানীতে শুরু ঝুম বৃষ্টি- খবরের থাম্বনেইল ফটো

রোববার (২৬ এপ্রিল) দিনভর রাজধানীর আকাশে মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলেছে। বিকেল গড়াতেই আকাশে ঘন মেঘ জমে এমন পরিস্থিতি তৈরি হয়, যেন সন্ধ্যার আগেই অন্ধকার নেমে এসেছে। কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে রাজধানীবাসী কিছুটা স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন।


এর আগে আবহাওয়া অধিদফতর জানায়, রোববার (২৬ এপ্রিল) রাত ১২টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীসহ এক থেকে দুই দফা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পূর্বাভাসে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তবে বৃষ্টি সব এলাকায় সমানভাবে হয়নি। পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় কোথাও ঝুম বৃষ্টি আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি ধীরে ধীরে রাজধানীর অন্যান্য এলাকাতেও বিস্তৃত হতে পারে।


দিনের শুরু থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে কিছু এলাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই চায়ের দোকান ও আশপাশের আশ্রয়স্থলে অবস্থান নেন। অনেকে বৃষ্টিকে স্বস্তির হিসেবে দেখলেও ভোগান্তির কথাও তুলে ধরেন।


আব্দুল করিম নামে এক ব্যক্তি বলেন, গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে স্বাভাবিক কাজ করা কঠিন হয়ে পড়েছিল। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে।


অন্যদিকে জাহিদ নামে আরেকজন বলেন, বৃষ্টি গরম থেকে মুক্তি দিলেও রাজধানীতে দীর্ঘ সময় বৃষ্টি হলে জলাবদ্ধতার ঝুঁকি থাকে। ঢাকা শহরে অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত গরম—দুটোই মানুষের জন্য ভোগান্তির কারণ।


আবহাওয়া অধিদফতর আরও জানায়, টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি ফিরে আসতে পারে।


সম্পর্কিত খবর