জাতীয়

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর- খবরের থাম্বনেইল ফটো

যৌক্তিকতা যাচাই-বাছাই ছাড়া কোনো প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।


সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে ৫টি নতুন, ৫টি সংশোধিত এবং ৪টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।


একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “ব্যয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাশ্রয়ী হতে হবে এবং প্রতিটি খাতের ব্যয়ের যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে।”


প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্পগুলো দেশের জনগণের জীবনে কতটা উন্নয়ন আনবে এবং সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি জানান, আজকের সভায় ১৭টি প্রকল্প উত্থাপিত হলেও ১৫টি নিয়ে আলোচনা হয় এবং অধিকাংশ প্রকল্প অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কয়েকটির বিষয়ে পর্যবেক্ষণ রয়েছে।


জোনায়েদ সাকি আরও বলেন, এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা হবে। অনেক প্রকল্প দীর্ঘদিন ঝুলে থাকায় সেগুলোর প্রয়োজনীয়তা নিয়েও পুনর্বিবেচনা করা হচ্ছে।


আজকের একনেক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত খবর