ক্যাম্পাস
কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির শূন্য পদে পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাইজিংবিডি ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসীর দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অমি দেব।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব নাহিদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে কমিটি পুনর্গঠন করা হয়েছে। আশা করি, নতুন কমিটির মাধ্যমে ক্লাব আরও সক্রিয় ও প্রাণবন্ত হয়ে উঠবে।’
সদ্য মনোনীত সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব।’
উল্লেখ্য, মনোনীতরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল দায়িত্ব পালন করবেন।







