ক্যাম্পাস

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সাংবাদিক সমিতির সদস্যরা।


রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।


গোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও এশিয়া পোস্টের প্রতিনিধি তরিকুল ইসলাম সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নাঈম আশরাফ, কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি শাকিল আহমেদ, সকালবেলা পত্রিকার প্রতিনিধি ইসতিয়াক আহমেদ আসিফ এবং শেয়ারবিজ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আর রাফি প্রমুখ।


সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সমিতির সাধারণ সম্পাদক নাঈম আশরাফ খাঁন বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে তারা একত্রিত হয়েছেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি হামলার শিকার হতে হয়, তবে তা শুধু একজন সাংবাদিক নয়—পুরো গণতন্ত্রের ওপর আঘাত।’


তিনি আরও বলেন, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ গড়ে তুলতে হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক বলে জানান সমিতির সভাপতি রাসেল হোসেন। এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে আখ্যা দেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর