ক্যাম্পাস
রাবিতে পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগে সংগীত জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ পালন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে এ জন্মশতবর্ষ পালন করা হয়।
সংগীত বিভাগের প্রতিনিধির মাধ্যমে মানপত্র, উত্তরীয় ও ফুল দিয়ে সংগীতাচার্যকে বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে অমিয়রঞ্জন মহাশয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত থাকেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা সমবেত রাগ সংগীত পরিবেশন করেন। এরপর বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. অসিত রায় এবং ড. পদ্মিনী দে সংগীত পরিবেশনার মাধ্যমে সংগীতাচার্যকে শ্রদ্ধা জানান।
আয়োজন সম্পর্কে সংগীত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সনজিদা মইদের বলেন: 'সংগীতের সৌন্দর্য ও নন্দনতাত্ত্বিক গবেষণায় শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সমৃদ্ধ গবেষণা রয়েছে। বাংলা ভাষাভাষী অঞ্চলে উনাদের সংগীত ঘরানার অবদান অসীম। আমাদের উচ্চাঙ্গ সংগীতের শক্তিশালী ভিত্তি তৈরিতে উনার পরিশ্রম রয়েছে। আমরা উনার জন্মশতবর্ষ পালনের ভেতর দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই এবং তাদেরকেও সংগীত সাধনায় আগ্রহী করে তুলতে চাই।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রখ্যাত সংগীত শিক্ষক অধ্যাপক ড. কাবেরী কর, সংগীত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সনজিদা মইদসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় সঙ্গীতজগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিষ্ণুপুর ঘরানার গৌরবময় সংগীত পরিবারের কৃতি সন্তান তিনি। তাঁর জন্ম কলকাতায়, ১৯২৭সালের ২১শে ফেব্রুয়ারি। সংগীতজ্ঞ সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর পিতা। হিন্দুস্থানি সংগীত জগতে সুগায়করূপে অমিয়রঞ্জন মহাশয়ের বিশেষ পরিচিতি রয়েছে।







