জাতীয়
কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

আবহাওয়া অধিদপ্তর আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকাতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত আরেকটি বুলেটিনে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বুলেটিনে বলা হয়, এই সময়ের মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।







