জাতীয়
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনীন রশিদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আলোচনায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়ন ও ব্যবস্থাপনায় মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।
উভয় পক্ষ পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ উদ্যোগের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ প্রকল্প গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতে মালদ্বীপের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।








