ক্যাম্পাস

রাকসুর উদ্যোগে ফার্স্ট এইড বক্স বিতরণ

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাকসুর উদ্যোগে ফার্স্ট এইড বক্স বিতরণ- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনের কনফারেন্স রুমে এই কার্যক্রমের আয়োজন করা হয়।


রাকসুর মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১২টি হল (ছাত্র ও ছাত্রী), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেসিয়াম এবং স্টেডিয়ামে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। রাবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।


এসময় রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, “আজ দেওয়া প্রাথমিক চিকিৎসা বক্স বড় কোনো চিকিৎসার বিকল্প না হলেও, হঠাৎ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এই আয়োজন থেকে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছি। হল সংসদ ও রাকসুর মূল কাজ হলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা।”


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “রাকসুর উদ্যোগে জরুরি মুহূর্তে চিকিৎসা সহায়তার জন্য প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের দায়িত্ব। অনেক সময় গভীর রাতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে এই প্রাথমিক চিকিৎসা তাদের জন্য সহায়ক হবে।”


রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা নিয়ে এখনো নানা ধরনের অস্পষ্টতা রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায়ই অভিযোগ আসে, তারা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন পাচ্ছে না। আমরা বিষয়টি রাকসুর অধিবেশনেও উত্থাপন করেছি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেট থাকলেও বিষয়টি সংবেদনশীল। নিরাপত্তাজনিত কারণে অনেক দক্ষ চিকিৎসক এখানে কাজ করতে আগ্রহী নন। এ পরিস্থিতিতে আপাতত একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসার সব উপকরণ থাকবে।”


রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজিএস এস এম সালমান সাব্বির, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহানসহ বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি।


সম্পর্কিত খবর