জাতীয়
দিনাজপুরে ডা. শফিকুর রহমান
আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে জুলাইয়ের আন্দোলন না হলে আজ এভাবে জনতার সামনে কথা বলা সম্ভব হতো না। সে কারণেই আমরা চাঁদা নেব না, কাউকে চাঁদা নিতেও দেব না। নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে ঢাকা থেকে পঞ্চগড় সফর শেষে জনসভায় অংশ নিয়ে তিনি দিনাজপুর বড়ময়দানের জনসভায় যোগ দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে সংঘাত থাকবে না এবং দেশের টাকা চুরি করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলা হবে না। যারা টাকা পাচার করেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
দিনাজপুরের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মোট খাদ্য উৎপাদনের এক-তৃতীয়াংশ আসে দিনাজপুর থেকে। এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচু সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান অগ্রাধিকার।
নারীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীরা মায়ের জাতি। তাদের জন্য ঘর ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা মানবিক ও আলোকিত বাংলাদেশ গড়তে চাই, যেখানে টাকা দিয়ে বিচার কেনা যাবে না।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। গণভোটে ‘হ্যাঁ’ বলার ঘোষণাও দেন তিনি।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ দিনাজপুরের বিভিন্ন আসনের জামায়াত ও জোটপ্রার্থীরা।
সমাবেশে ১০ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








