জাতীয়

একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়: মেজর হাফিজ

ডেস্ক

শেয়ারঃ

একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়: মেজর হাফিজ- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনের বিএনপি প্রার্থী (ধানের শীষ) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা মানুষকে বোঝায়, নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে সরাসরি বেহেশতে যাওয়া যাবে।


শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলার সোনাপুর আনন্দবাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মেজর হাফিজ উদ্দিন আহমদ একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তার বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করেন।


তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অতীতের বিএনপি সরকারের সময় বহু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে এবং নদীভাঙন কবলিত এই অঞ্চলে রক্ষাবাঁধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


তিনি তার সরকারের সময়কার উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একে এম ফিরোজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম মহিউদ্দিন জুলফিকার এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহ শাহিন সাঝি।


সম্পর্কিত খবর