ক্যাম্পাস
চবিতে বৃষ্টি শুরু, স্বস্তি ফিরল শিক্ষার্থীদের প্রাণে

দীর্ঘদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শুরু হয়েছে মৌসুমি বৃষ্টি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে কিছুক্ষণের মধ্যেই নেমে আসে স্বস্তির বৃষ্টি।
বৃষ্টি শুরু হতেই ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও খোলা প্রাঙ্গণে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে আনন্দ উপভোগ করেন। বিশেষ করে জিরো পয়েন্ট, শহীদ মিনার এলাকা ও প্রশাসনিক ভবনের সামনের সড়কে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে ক্যাম্পাসে স্বাভাবিক চলাচল কঠিন হয়ে উঠেছিল। হঠাৎ এই বৃষ্টি পরিবেশকে শীতল করে দিয়েছে এবং ক্যাম্পাসে এনে দিয়েছে প্রাণচাঞ্চল্য।
বৃষ্টির কারণে ক্যাম্পাসের সবুজ প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে। গাছপালা ধুয়ে গিয়ে চারদিকে সৃষ্টি হয়েছে মনোরম পরিবেশ। চারপাশের জারুল গাছগুলোও ফুলে ফুলে ভরে উঠেছে।
অনেক শিক্ষার্থী এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
হঠাৎ নামা এই বৃষ্টি শুধু আবহাওয়াই নয়, শিক্ষার্থীদের মনেও এনে দিয়েছে প্রশান্তি।







