জাতীয়

নিখোঁজদের পরিবারে সহায়তা অব্যাহত, তদন্ত প্রতিবেদন সংরক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

নিখোঁজদের পরিবারে সহায়তা অব্যাহত, তদন্ত প্রতিবেদন সংরক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

নিখোঁজ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলোর জন্য সরকারের পক্ষ থেকে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।


সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, অতীত সময়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে উত্থাপিত গুম ও নিখোঁজের অভিযোগগুলো নিয়ে বর্তমান সরকার নতুন করে তদন্ত প্রতিবেদন দেবে কি না এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য কী ধরনের সহায়তা পরিকল্পনা রয়েছে।


জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক—বলপূর্বক গুমের ঘটনাগুলো অনুসন্ধান, জড়িত ব্যক্তি বা সংস্থাকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল।


তিনি বলেন, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ওই কমিশন ২০২৬ সালের ৪ জানুয়ারি তাদের প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। পরবর্তীতে ১৫ জানুয়ারি কমিশনের মেয়াদ শেষ হয়।


মন্ত্রী আরও জানান, কমিশনের প্রতিবেদন বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারগুলোর জন্য আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।


সম্পর্কিত খবর