ক্যাম্পাস

চবিতে ডাইনিংয়ে খাবারে মাছি, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবিতে ডাইনিংয়ে খাবারে মাছি, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারে মরা মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডাইনিংয়ের উপকরণ ও পরিবেশ নিয়েও শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে ৬০তম আবর্তনের শিক্ষার্থী আতিকুর রহমান খাবার গ্রহণের সময় তার প্লেটে মরা মাছি দেখতে পান। পরে এ ঘটনা জানাজানি হলে ডাইনিংয়ের রান্না ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


ভুক্তভোগী শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “রাতে খাবার খেতে গিয়ে প্লেটে মরা মাছি পাই। বিষয়টি ডাইনিংয়ের এক কর্মচারীকে জানালে তিনি বলেন, ‘এটি হয়তো উড়ে এসে ভাতে পড়েছে।’ তবে ভাত খাওয়ার সময় বিষয়টি স্পষ্টভাবে বোঝা গেছে, কারণ ভাত মাখানোর পরই মাছিটি দেখা যায়।”


তবে ডাইনিংয়ের কর্মচারী শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো ভাতের মধ্যে উড়ে এসে পড়েছে। আমরা ইচ্ছা করে কিছু দিইনি।”


ঘটনার বিষয়ে সোহরাওয়ার্দী হল সংসদের রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক আজহারুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। “আমরা নিয়মিতভাবে ডাইনিং তদারকি করি এবং রান্নাঘরও পরিদর্শন করি। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। ডাইনিং কর্মচারীদের কাছ থেকে জবাবদিহি নেওয়া হবে।”


তিনি আরও বলেন, পর্যাপ্ত বাজেটের অভাবে ডাইনিং আধুনিকীকরণ সম্ভব হচ্ছে না। এছাড়া ডাইনিংয়ে ব্যবহৃত কিছু উপকরণও অপরিচ্ছন্ন বলে স্বীকার করেন তিনি। “ভাতের গামলা ও পানির জগে আয়রন জমে গেছে—এটি একটি বাস্তব সমস্যা,” যোগ করেন তিনি।


এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, “শিক্ষার্থীদের খাবারে মরা মাছি পাওয়া গেছে, যা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আমরা খতিয়ে দেখব।” তিনি আরও জানান, ডাইনিংয়ের প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামের তালিকা চাওয়া হয়েছে, তা পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর