ক্যাম্পাস

‘মিডিয়া সন্ত্রাস’ এর বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ-মিছিল

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

‘মিডিয়া সন্ত্রাস’ এর বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ-মিছিল- খবরের থাম্বনেইল ফটো

দেশব্যাপী ‘মিডিয়া সন্ত্রাস’-এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।


বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


মিছিলে অংশগ্রহণকারীরা “মিডিয়া সন্ত্রাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক”, “তথ্য সন্ত্রাস নিপাত যাক, গণমাধ্যম মুক্তি পাক”, “মিডিয়া সন্ত্রাসের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”—এমন বিভিন্ন স্লোগান দেন।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ (মার্ক্সবাদী) বলেন, “আমরা সবসময় মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। তবে বর্তমানে গণমাধ্যমের আড়ালে এক ধরনের ‘মিডিয়া সন্ত্রাস’ চলছে, যেখানে ফেক আইডি ও বেনামী পেজ ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ করে নারীদের চরিত্রহনন করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে চলা এসব পেজ মূলত রাজনৈতিক স্বার্থে সাইবার বুলিং ও স্লাট-শেমিং করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে এসব ভুয়া আইডি ও পেজ পরিচালনাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক।”


সমাবেশে ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, “কিছু সাংবাদিক আছেন, যারা যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পক্ষেই কাজ করেন। আবার কিছু সাংবাদিক নিজেদের রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকেন। ফলে প্রকৃত সাংবাদিকরা ক্রমশ হারিয়ে যাচ্ছেন। আমরা এমন সাংবাদিকতা চাই, যা জনগণের কথা বলবে, সত্য তুলে ধরবে এবং কোনো দলের নয়, মানুষের স্বার্থে কাজ করবে।”


সম্পর্কিত খবর