ক্যাম্পাস

রুয়েটে সবুজ জ্বালানি ও টেকসই উন্নয়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

রুয়েটে সবুজ জ্বালানি ও টেকসই উন্নয়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) টেকসই জ্বালানি, নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা এবং শিল্পখাতে সবুজ রূপান্তর বিষয়ক সেমিনার “PSREF Industrial Energy Challenge: Designing a Green Transition” অনুষ্ঠিত হয়েছে।


রুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (আইইইএস) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।


বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক।


বিশেষ অতিথি ও উপস্থিতদের মধ্যে ছিলেন আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মাহমুদ শাহজাদ, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং সিপিডির ঊর্ধ্বতন প্রতিনিধিরা।


উদ্বোধনী বক্তব্যে আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, উচ্চ ব্যয়ের কারণে সৌরশক্তির ব্যবহার এখনো সীমিত থাকলেও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এটি এখন আর বিকল্প নয়, বরং অপরিহার্য সমাধান। তিনি সৌরশক্তিকে মূলধারার টেকসই জ্বালানি হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জ্ঞান বৃদ্ধি জরুরি। গবেষণা ও বিনিয়োগ বাড়লে বাংলাদেশে এ খাতে অগ্রগতি সম্ভব। তিনি আরও জানান, উপাচার্যের উদ্যোগে নেসকোর সঙ্গে সমন্বয়ে হলগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ক্যাম্পাসে সবুজ শক্তির ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি করবে।


PSREF (Private Sector Renewable Energy Forum) হলো সিপিডির পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডিজের একটি অ্যাডভোকেসি উদ্যোগ। এটি ক্লাইমেট প্রজেক্টের অধীনে বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে। এ উদ্যোগের আওতায় বিভিন্ন শিল্প সংগঠনের সঙ্গে আলোচনা সেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আর্থিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো উঠে আসে।


সেমিনারের অংশ হিসেবে টেকসই ও সবুজ জ্বালানি বিষয়ে কেস স্টাডি ও উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০টি দল অংশগ্রহণ করে।


বিচারকদের মূল্যায়নে ‘টিম এভারফ্রেশ’ বিজয়ী হয়। প্রথম রানারআপ ‘টিম অপচয় জিরো’ এবং দ্বিতীয় রানারআপ ‘টিম গ্রিনারি গ্রিড’ নির্বাচিত হয়।


বিজয়ী দলে ছিলেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুব্র দেবনাথ এবং একই বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহমেদ লিসান, দিবাকর মণ্ডল রুদ্র ও মো. শুয়াইব বিন সাফি।


সমাপনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্বালানি খাতে গবেষণা, দক্ষতা ও উদ্ভাবন বাড়াতে হবে। তিনি বৈশ্বিক বাস্তবতা অনুধাবন করে প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে “PSREF Innovator Award” তুলে দেওয়া হয়। আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।


আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে জ্বালানি সংকট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণামুখী চিন্তাভাবনা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর