ক্যাম্পাস

জকসুর ক্রীড়া সম্পাদককে চড় মারার অভিযোগ, দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট নেলীর

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জকসুর ক্রীড়া সম্পাদককে চড় মারার অভিযোগ, দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট নেলীর- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে জনসম্মুখে চড় মারার অভিযোগ উঠেছে সাদিয়া সুলতানা নেলীর বিরুদ্ধে। অভিযুক্ত নেলী জকসু নির্বাচনে হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করে পরাজিত হন।


বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।


জানা যায়, ইনডোর গেমসের অংশ হিসেবে সেদিন ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী একই বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণের কথা থাকলেও ফাইনালে ওঠা একটি দলে ভিন্ন বিভাগের সদস্য থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলো আপত্তি জানায়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়। তবে এক পক্ষ তা মেনে নেয়নি। এ সময় নেলী ক্রীড়া সম্পাদক নাঈমের সঙ্গে তর্কে জড়ান। নাঈম জানান, স্পোর্টস কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নেলী নাঈমের সঙ্গে কথা বলতে চান। নাঈম নিজেকে ব্যস্ত জানালে নেলী সবার সামনে তাকে সজোরে চড় মারেন এবং চিৎকার-চেঁচামেচি করেন।


ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা উপ-পরিচালক গৌতম বলেন, “ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল ঘিরে কিছু অভিযোগ উঠেছিল। পরে দুই দলের মধ্যে সমঝোতা করে পুরস্কার দেওয়া হয়। তারা সন্তুষ্টচিত্তেই তা গ্রহণ করে। চড় মারার ঘটনাটি আলাদা একটি বিষয়।”


এ বিষয়ে নাঈম বলেন, “পুরস্কার বিতরণী শেষে বের হওয়ার সময় নেলী আমার সঙ্গে কথা বলতে চান। আমি ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে কথা বলতে পারিনি। এ সময় তিনি হঠাৎ সবার সামনে আমাকে চড় মারেন। তিনি নারী হওয়ায় আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। তবে জনসমক্ষে অপমানিত হয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ, সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে সুষ্ঠু বিচার করা হোক।”


অন্যদিকে, ঘটনার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন নেলী। সেখানে তিনি ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে লেখেন, “খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়েও বেশি প্রতিক্রিয়া হবে। আপনার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। নিয়মের বাইরে গিয়ে দুই দলকে একসঙ্গে চ্যাম্পিয়ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”


এ ঘটনায় নিন্দা জানিয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “ক্রীড়া সম্পাদককে শিক্ষকদের সামনেই আঘাত করা হয়েছে, যা নিন্দনীয়। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. নাসিরউদ্দিন বলেন, “ঘটনাটি তদন্তে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


উল্লেখ্য, সাদিয়া সুলতানা নেলী ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন।


সম্পর্কিত খবর