ক্যাম্পাস
শিট না আনায় ক্লাস থেকে বের করে দেওয়ায় প্যানিক অ্যাটাকে অসুস্থ ইবি শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নির্ধারিত শিট ক্লাসে না আনায় কয়েকজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক ছাত্রী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ২০২২–২৩ শিক্ষাবর্ষের ‘ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট’ কোর্সের ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন।
সহপাঠীরা জানান, শিট সঙ্গে না আনার কারণে শিক্ষক কয়েকজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় তাদের এক সহপাঠী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এর আগেও ওই ছাত্রী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে তারা জানান।
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. এস এম শাহেদ হাসান বলেন, “ওই ছাত্রীর প্যানিক অ্যাটাক হয়েছিল। অনেক ক্ষেত্রে মানসিকভাবে দুর্বলতা থাকলে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে তিনি সুস্থ আছেন।”
বিভাগের সভাপতি ও সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার বলেন, “শিক্ষার্থীদের আগেই ক্লাসে শিট নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কে কে শিট আনেনি জানতে চাইলে প্রথমে অল্প কয়েকজন দাঁড়ায়। পরে দেখা যায়, প্রায় ১৭–১৮ জন শিট আনেনি। যারা শিট না আনার পরও বসে ছিল, তাদের ক্লাস থেকে বের হয়ে যেতে বলা হয়। পরে জানতে পারি, এক শিক্ষার্থী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। এর আগেও তাকে এ কারণে দুইবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়েছিল।”







