ক্যাম্পাস
ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি শুরু ১০ মে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১০ মে থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে। অনুমতিপত্রপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের দিন থেকে ১৯ মে’র মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিট সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩০টি আসনের বিপরীতে নির্ধারিত তারিখে অনুষদ ভবনের ৪র্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে।
এতে আরও বলা হয়, সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র দেওয়া হবে এবং নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ১৯ মে’র মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে আর ভর্তির সুযোগ থাকবে না।
১ম মেধাতালিকায় ভর্তি সম্পন্নকারী শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের জন্য আগামী ১৪ ও ১৫ জুন আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদনপত্র ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে জমা দিতে হবে।
আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২২ ও ২৩ জুন ২য় মেধাতালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তাদের ক্ষেত্রে সাক্ষাৎকারের দিন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট ও সনদপত্র অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
উল্লেখ্য, আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধাতালিকার সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।







