ক্যাম্পাস

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর অন্যতম স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অনার্স–মাস্টার্স শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে মাদ্রাসার শিক্ষক ও আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, মাওলানা মহিউদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম সুলতানীসহ আরও অনেকে। এছাড়া ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান বলেন, তা’মীরুল মিল্লাত শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ইসলামী জ্ঞান ও নৈতিক মূল্যবোধসম্পন্ন স্কলার গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্যই নয়, বরং নৈতিকতা ও চরিত্র গঠনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে দৃঢ় থেকে সমাজের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।


অনুষ্ঠানে চলতি বছরে অনার্স পর্যায়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।


নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন সেশনে একাডেমিক জীবন, উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।


শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।


সম্পর্কিত খবর