জাতীয়

গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা- খবরের থাম্বনেইল ফটো

সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ এবং শেষ পর্যায়ে রাজধানী ঢাকায় মহাসমাবেশ।


বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. হামিদুর রহমান আযাদ।


এর আগে বেলা ১১টায় একই স্থানে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হয়।


সংবাদ সম্মেলনে ডা. হামিদুর রহমান আযাদ জানান, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলার নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।


তিনি আরও জানান, বিভাগীয় সমাবেশের পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। ধারাবাহিক কর্মসূচির শেষ ধাপে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রানা প্রমুখ।


সম্পর্কিত খবর