ক্যাম্পাস
রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। আগামী মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে বুথ স্থাপন করে এ কার্ড বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এসএম সালমান সাব্বির।
জানা গেছে, এই অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। পাশাপাশি বিদেশে অবস্থানরত পরিবার বা আত্মীয়-স্বজন এই অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন।
কার্ডটি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্টও করা যাবে। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (BDT ও USD উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন-সবই এই কার্ডের মাধ্যমে সম্ভব হবে।
এছাড়াও, হজ ও ওমরাহ পালনের সময় বিদেশে এই কার্ড ব্যবহার করা যাবে। স্টুডেন্ট ফাইল ওপেনসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজেও এটি সহায়ক ভূমিকা রাখবে।
এ বিষয়ে রাকসু এজিএস সালমান সাব্বির বলেন, এই কার্ডের সব ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। ডেবিট কার্ড চার্জ ও বার্ষিক ফিও সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। এটি ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি আলুপট্টি শাখা থেকেও শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন







