জাতীয়

নগরভবনে পুনর্বাসন কার্যক্রম, গুলিস্তানে ফের হকারদের দখল

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নগরভবনে পুনর্বাসন কার্যক্রম, গুলিস্তানে ফের হকারদের দখল- খবরের থাম্বনেইল ফটো

একদিকে হকারদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), অন্যদিকে রাজধানীর গুলিস্তান এলাকায় আবারও ফুটপাত ও সড়ক দখল করে বসেছে হকাররা। ফলে স্বল্প সময়ের স্বস্তির পর পুরোনো ভোগান্তিতেই ফিরে গেছেন পথচারীরা।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, গুলিস্তান এলাকার গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান মোড় পর্যন্ত সড়কের বড় অংশজুড়ে হকাররা দোকান বসিয়ে ব্যবসা করছেন। শুধু প্রধান সড়ক নয়, আশপাশের প্রায় সব ফুটপাতই দখলে চলে গেছে তাদের।


সম্প্রতি ধারাবাহিক অভিযানে এই এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। এতে কিছুদিনের জন্য যানজট ও পথচারীদের দুর্ভোগ কমে আসে। তবে অভিযান শিথিল হওয়ার পর আবারও আগের অবস্থায় ফিরে গেছে এলাকা।


মাতুয়াইল কাউন্সিল এলাকার বাসিন্দা সুজন মিয়া, যিনি প্রতিদিন গুলিস্তান হয়ে কর্মস্থলে যাতায়াত করেন, বলেন, “উচ্ছেদের সময় কিছুদিন স্বস্তি ছিল। কিন্তু নজরদারি না থাকায় হকাররা আবার ফিরে এসেছে। এখন পরিস্থিতি আগের মতোই।”


বেসরকারি চাকরিজীবী আফসার আহমেদের মতে, নিয়মিত তদারকি না থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক। “এখন তো মনে হচ্ছে হকারের সংখ্যা আগের চেয়েও বেড়েছে,” বলেন তিনি।


এদিকে, ‘হকার পুনর্বাসন নীতিমালা-২০২৬ (প্রস্তাবিত)’ এর আওতায় ঢাকার দুই সিটি করপোরেশনই পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরভবনে ডিএসসিসির উদ্যোগে নিবন্ধিত হকারদের পরিচয়পত্র বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এছাড়া ঢাকা মহানগর পুলিশ-এর অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।


অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)ও একই ধরনের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।


তবে নগর পরিকল্পনাবিদদের মতে, পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত না হলে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন হবে।


সম্পর্কিত খবর