ক্যাম্পাস
পাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে আজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মাছ ধরার প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বড়শি দিয়ে মাছ ধরে প্রাণবন্ত সময় উপভোগ করেন। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীরাও এ দৃশ্য উপভোগ করে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
এবারের প্রতিযোগিতায় মোট ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অংশগ্রহণকারীদের দুইটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপের সময় ছিল সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপের সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বিনোদন এবং সৃজনশীল অংশগ্রহণের এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।







