জাতীয়

ইসলামের স্বার্থে আগের নির্বাচনে সমঝোতা ত্যাগ করেছিল ইসলামী আন্দোলন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইসলামের স্বার্থে আগের নির্বাচনে সমঝোতা ত্যাগ করেছিল ইসলামী আন্দোলন- খবরের থাম্বনেইল ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে তারা রাজনৈতিক সমঝোতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।


শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্য ও স্বচ্ছ অবস্থান নিয়ে রাজনীতি করেছে। আমরা কোনো ধরনের গোপন রাজনীতি করি না।”


শ্রমিকদের অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চনা ও অবহেলার শিকার। রাষ্ট্রের উচিত তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা। এ জন্য শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে পরিচয়পত্র (কার্ড) প্রদান এবং সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।


রাজনৈতিক প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, সংসদে আবারও পুরোনো রাজনৈতিক বিতর্ক উত্থাপন করা হচ্ছে, যা জাতির জন্য বিভ্রান্তিকর। তিনি রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, তারা শরিয়াহভিত্তিক শাসনের পক্ষে নাকি বিদ্যমান শাসন ব্যবস্থার পক্ষে—এ বিষয়ে পরিষ্কার অবস্থান থাকা উচিত।


এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে দেশে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে তা বন্ধের আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।


সম্পর্কিত খবর