জাতীয়

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- খবরের থাম্বনেইল ফটো

একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


শনিবার (২ মে) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি বলেন, খেলাধুলা এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি বিশ্বব্যাপী একটি মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত। তাই প্রতিভাবান কিশোর-কিশোরীরা যেন ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তায় না পড়ে এবং খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।


সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে—প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়াবৃত্তি চালু, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।


প্রধানমন্ত্রী আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারাদেশে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে লুকায়িত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে। তাদের জন্য একটি টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যাতে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।


তিনি বলেন, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে এখান থেকেই উঠে আসবে আগামী দিনের ক্রীড়া তারকা, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।


ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের অনুপ্রেরণায় শুরু হওয়া এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


সবশেষে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


সম্পর্কিত খবর