জাতীয়

মাকালু শিখরে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলীর নতুন ইতিহাস

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মাকালু শিখরে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলীর নতুন ইতিহাস- খবরের থাম্বনেইল ফটো

প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ ‘মাকালু’ জয় করেছেন বাবর আলী। এর মধ্য দিয়ে তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করে এক বিরল ও ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন।


শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টায় তিনি মাকালুর চূড়ায় পৌঁছান। শৃঙ্গটির উচ্চতা ৮,৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট)।


ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।


অভিযানকালে বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি শেরপা। তাঁর এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমানস গ্রোসারিজ।


‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত মাকালু শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে বাবর আলী গত ৭ এপ্রিল বাংলাদেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি নেপালের টুমলিংটার পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে সেদুয়া গ্রামে যান। পরে পায়ে হেঁটে ১৮ এপ্রিল তিনি উচ্চতর বেসক্যাম্পে পৌঁছান।


উচ্চতার সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে ২১ এপ্রিল তিনি ক্যাম্প-১ এবং পরদিন ক্যাম্প-২-এ অবস্থান করেন, যেখানে তিনি প্রায় ৭,০০০ মিটার উচ্চতা স্পর্শ করেন। পরে তিনি বেসক্যাম্পে ফিরে আসেন।


দ্বিতীয় দফা অভিযানে ২৭ এপ্রিল তিনি আবার ক্যাম্প-২ পর্যন্ত উঠে রাত কাটিয়ে আবার বেসক্যাম্পে নামেন। এরপর আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষায় ছিলেন তিনি।


আবহাওয়ার উন্নতি হলে ৩০ এপ্রিল তিনি সরাসরি ৬,৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ পৌঁছান। ১ মে তিনি ক্যাম্প-৩ (৭,৪০০ মিটার) এ উঠে সেখানেই কিছু সময় অবস্থান করেন। এরপর মধ্যরাতে চূড়ান্ত শিখর অভিযানে যাত্রা শুরু করেন।


প্রায় ১,১০০ মিটার কঠিন ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে ২ মে ভোরে তিনি মাকালুর চূড়ায় পৌঁছান।


অভিযান ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বাবর আলী শনিবার ক্যাম্প-২-এ নেমে আসবেন এবং রোববার (৩ মে) বেসক্যাম্পে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর