জাতীয়

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


শনিবার (২ মে) নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।


ফেসবুক পোস্টে তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।


এর আগে নির্ধারিত সময়সীমার বাইরে মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রথম দফায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ২২ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টা থাকলেও নুসরাত তাবাসসুম তার মনোনয়ন জমা দেন ৪টা ১৯ মিনিটে।


পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে ২৭ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ ওই রায় দেন।


হাইকোর্টের নির্দেশনার পরই নির্বাচন কমিশন নতুন করে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রার্থী হিসেবে তার অংশগ্রহণের পথ উন্মুক্ত করে দিল।


সম্পর্কিত খবর