ক্যাম্পাস
তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে প্রাণবন্ত কুয়েট, চলছে ‘ক্যালিব্রেশন ২.০’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব ‘ক্যালিব্রেশন ২.০’। “ক্যালিব্রেট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (এমটিই)।
শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ উৎসবে দেশের প্রায় ৪৫টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। এবারের আয়োজনের মোট পুরস্কারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ জুগিয়েছে।
ফেস্টিভ্যালে মোট ১০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাড মেকিং, কেস স্টাডি, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট, সকার বট, প্রজেক্ট শোকেসিং এবং রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াড। রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াডে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রজেক্ট শোকেসিং সেগমেন্টে অংশগ্রহণকারী আইজ্যাক নামের এক শিক্ষার্থী বলেন, “এখানে অনেকেই তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে। নতুন নতুন আইডিয়া দেখে খুব ভালো লাগছে। আমাদের প্রজেক্টও ভালো সাড়া পেয়েছে। শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি, যা ভবিষ্যতে কাজে লাগবে।”
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তার বিকাশ ঘটবে এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। প্রথমবারের মতো স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য আলাদা সেগমেন্ট রাখা হলেও প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিচর্চা আরও বিস্তৃত হবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল আন নাহিয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সুলতান মাহমুদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. হাসান আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফিরোজ আলী, সিনকোস গ্রুপের ডিরেক্টর নাসিক এম. আক্কাস, পদ্মা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আবু তাইয়্যুব এবং ওয়াইজেন ইঞ্জিনিয়ারিংয়ের হেড অব বিজনেস কিশোর রায়।







