জাতীয়
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপের আহ্বান নাহিদ ইসলামের

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার (১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা যে যে ধর্ম বা মতেরই হই না কেন, আমাদের লক্ষ্য এক—সমতা ও সহাবস্থানের বাংলাদেশ। মতভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা।”
তিনি বলেন, বৌদ্ধ ধর্ম ঐতিহাসিকভাবে শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। বাংলার ইতিহাসে অসংখ্য বৌদ্ধ বিহার জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ঐতিহ্য সংরক্ষণ ও চর্চা করা জাতীয় দায়িত্ব।
বৌদ্ধ বিহারগুলোকে শুধু ধর্মীয় উপাসনালয় নয়, সামাজিক সংহতি ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
গৌতম বুদ্ধের অহিংসা ও শান্তির বাণীর প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, “বর্তমান বিশ্বে সংঘাত, ঘৃণা ও সহিংসতা বাড়ছে। এ প্রেক্ষাপটে বুদ্ধের শান্তি ও সহনশীলতার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই মূল্যবোধ ধারণ করতে হবে।”
স্থানীয় সংসদ সদস্য হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে তিনি অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।







