ক্যাম্পাস

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগ করতে ঢাকা কলেজ প্রশাসনের নির্দেশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগ করতে ঢাকা কলেজ প্রশাসনের নির্দেশ- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা কলেজ-এর আবাসিক হলে অবস্থানরত মাস্টার্স ও অন্যান্য মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা বাস্তবায়নে অভিযান চালিয়েছে কলেজ প্রশাসন।


শুক্রবার (১ মে) দিবাগত রাতে দক্ষিণ ছাত্রাবাসে সাবেক প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন হলের কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালান প্রভোস্টরা।


অভিযান চলাকালে মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করা এবং ২০১৯–২০ সেশনসহ মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। প্রভোস্টরা জানান, ৩০ এপ্রিল ছিল শেষ সময়—এরপর হলে থাকার কোনো সুযোগ নেই।


অনার্স পাসের পর পরীক্ষা দিক বা না দিক, কারও থাকার অনুমতি নেই এবং নির্ধারিত সময় পেরিয়ে গেলে সবাইকে হল ছাড়তেই হবে।


অভিযানের খবর পেয়ে অনেক শিক্ষার্থী প্রভোস্টদের মুখোমুখি হওয়া এড়াতে হলের বাইরে চলে যান।


এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন মূলত ২০১৯–২০ সেশনের শিক্ষার্থীদের লক্ষ্য করলেও আরও পুরোনো সেশনের অনেক শিক্ষার্থী এখনও হলে অবস্থান করছেন, যাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া এখনো হলভিত্তিক মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের পূর্ণ তালিকাও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ ওঠে।


শিক্ষার্থীরা আরও বলেন, সবাই একসঙ্গে হলে ছাড়লে তারা আপত্তি করবেন না, তবে কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলে থেকে গেলে তা মেনে নেওয়া হবে না। একই নিয়ম সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের দাবি জানান তারা।


এর আগে, ২৩ এপ্রিল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ৩০ এপ্রিলের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।


সম্পর্কিত খবর