জাতীয়
‘বাংলাদেশ আর কখনো ৫ আগস্ট-পূর্ব অবস্থায় ফিরবে না’—পিনাকী ভট্টাচার্য

প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ আর কখনো ৫ আগস্টের আগের রাজনৈতিক অবস্থায় ফিরে যাবে না। তিনি বলেন, দেশটির রাজনৈতিক ও গণতান্ত্রিক বাস্তবতা ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে।
শুক্রবার (১ মে) ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক বাস্তিল চত্বরে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ইতিহাসে জুডাস মাত্র ৩০ রৌপ্যমুদ্রার বিনিময়ে ঈসা নবীকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। তিনি প্রশ্ন রাখেন, “কোন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে আবার পুরোনো ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে?”
তিনি আরও বলেন, “বাংলাদেশ আর কখনো ৫ আগস্ট-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে।”
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে প্রবাসীরা ভূমিকা রেখেছেন, একইভাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, মানবাধিকার সংগঠন এফডিএইচআর-এর সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের সিনিয়র সদস্য আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমানসহ অনেকে।
মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।







