জাতীয়
তেলের দাম বৃদ্ধির পর লাইনে ভিড় কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল সংগ্রহের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তেলের দাম বাড়ানোর পর সেই ভিড় হঠাৎ কমে যাওয়া স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে।
শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় বাস্তবায়ন করেনি। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি।”
তিনি আরও দাবি করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ একটি পক্ষের পক্ষে মত দেয়, যার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা থাকলেও তা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, “সরকার গঠনের পর তারা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, আবার কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর সাংবিধানিক কাঠামোর প্রয়োজন, আর সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে—যা অতীতে কোনো দলই প্রত্যাখ্যান করেনি।
ব্যাংক খাত প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের অল্প অর্থ ফেরত দিয়েই আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের আর্থিক অনিয়মের ঝুঁকি তৈরি হবে বলেও তিনি সতর্ক করেন।







