ক্যাম্পাস
স্বেচ্ছায় অব্যাহতি চাইলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।
শনিবার (২ মে ২০২৬) তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে যবিপ্রবির উপাচার্যের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তার পরিবার সিলেটে অবস্থান করায় সময় ব্যবস্থাপনায় সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে। দূরত্বের কারণে পরিবারের নিরাপত্তা ও অসুস্থতা নিয়ে দুশ্চিন্তাও বেড়ে গেছে। এ কারণে তিনি ২ মে ২০২৬ দুপুর থেকে কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিয়ে ৩ মে ২০২৬ দুপুর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করতে ইচ্ছা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. হোসেন আল মামুন সাংবাদিকদের কাছে স্বেচ্ছায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।
যবিপ্রবির উপাচার্য ড. ইয়ারুল কবীর বলেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। তার মাধ্যমে পাঠানো আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হয়েছে।
উল্লেখ্য, ড. হোসেন আল মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি ১৬ জানুয়ারি ২০২৫ সালে যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।







