ক্যাম্পাস
যবিপ্রবি ইইই ক্লাবের নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাবের নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ নেছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
শনিবার (২ মে) স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ২৯ এপ্রিল (বুধবার) একই ভবনের ২১৮ নম্বর কক্ষে ক্লাবটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি জান্নাতুন নাইম, সহ-সাধারণ সম্পাদক আবু তালহা ফাহাদ, সাংগঠনিক সম্পাদক নাঈম হাওলাদার, কোষাধ্যক্ষ আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারিয়া সুলতানা এবং কার্যনির্বাহী সদস্য আজিজুল হাকিম ও মুহাইমিনুল ইসলাম মুন্না।
নবনির্বাচিত সভাপতি শেখ নেছার উদ্দিন বলেন, “আগামী এক বছরের জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব। পাশাপাশি বিভিন্ন সেমিনার আয়োজন, মেধা বিকাশে লাইব্রেরি প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করব। এছাড়া জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করব। ক্লাবকে আরও এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
ক্লাবটির উপদেষ্টা ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেকুজ্জামান বলেন, “গত এক বছরে সবাই অক্লান্ত পরিশ্রম করে ক্লাবকে এগিয়ে নিয়েছো। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলই আজকের এই অর্জন। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও ফিল্ডওয়ার্কের মাধ্যমে আমাদের বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। ইইই ক্লাবকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়।”
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমরা সব ধরনের পদক্ষেপ নেব। বিশেষ করে বিশুদ্ধ পানির ফিল্টার সমস্যার সমাধান করা হবে। ক্লাবের জন্য একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন সেমিনারে অংশ নিতে পারে, সে জন্য ছুটির দিনগুলোতে সেমিনারের আয়োজন করা হচ্ছে।”







