ক্যাম্পাস

শতভাগ আবাসিক ক্যাম্পাসের পথে রুয়েট

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

শতভাগ আবাসিক ক্যাম্পাসের পথে রুয়েট- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করার মাধ্যমে নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাস হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। নতুন শিক্ষাবর্ষের (২৫-২৬ ব্যাচ) সকল আবেদনকারী ছাত্রীকে ওরিয়েন্টেশনের আগেই হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠেয় ওরিয়েন্টেশনের পূর্বদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আসন বুঝিয়ে দেওয়া হবে।


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে মোট ২৭০ জন ছাত্রী ভর্তি হয়েছেন, যার মধ্যে ২১০ জন আবাসনের জন্য আবেদন করেন। প্রশাসন আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকেই আবাসন সুবিধার আওতায় এনেছে। রুয়েটের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফিমেল হল-১ এ ৬০ জন এবং ফিমেল হল-২ এ ১৫০ জন নবীন ছাত্রীকে আবাসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।


হল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মে’র মধ্যে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক জমার রশিদ, হল আবেদনপত্র এবং পছন্দের রুমমেটদের আবেদনপত্র একসঙ্গে জমা দিতে হবে। এরপর লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ সম্পন্ন হবে।


সংশ্লিষ্টদের মতে, ওরিয়েন্টেশনের আগেই নবীন ছাত্রীদের হলে আসন নিশ্চিত করার এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের জন্যই স্বস্তির নয়, বরং রুয়েটের পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে উত্তরণের পথে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি।


পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল জানান, নতুন হলগুলোর কাজ ডিসেম্বর ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে উপাচার্যের নির্দেশনায় নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে প্রায় ৯ মাস আগেই হলগুলো শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলমান রয়েছে।


ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। ওরিয়েন্টেশনের আগেই আবাসন সুবিধা নিশ্চিত করা প্রশাসনের সুপরিকল্পিত উদ্যোগের বাস্তব প্রতিফলন।


তিনি আরও জানান, ছাত্রীদের প্রাইভেসি ও জীবনযাত্রার মান উন্নয়নে হলের অভ্যন্তরে জিমনেসিয়াম, 'ইওর ক্যাম্পাস' প্ল্যাটফর্মের মাধ্যমে ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং অটো চা-কফি মেশিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সব শিক্ষার্থীর কল্যাণ নিশ্চিত করে রুয়েটকে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যেই প্রশাসন কাজ করছে।

উল্লেখ্য, আবাসনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও মনোনীত শিক্ষার্থীদের তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


সম্পর্কিত খবর