জাতীয়
ইবির ট্যুরিজম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৬১৪ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া। এ সময় বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই ক্যাম্পাস জীবনের প্রথম দিনের স্মৃতি ও বন্ধুদের সঙ্গে কাটানো সেরা সময়গুলোর কথা জুনিয়রদের সঙ্গে ভাগাভাগি করেন। পাশাপাশি, প্রতিকূল পরিবেশেও লক্ষ্য অর্জনের দিকনির্দেশনা দেন তারা। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সফলতাই আমাদের সফলতা। শিক্ষার্থীরা যখন স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যায়, সেটি আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের সকল সহকর্মীর সম্মিলিত ৬-৭ মাসের পরিশ্রমে আমরা একটি সেশনজটমুক্ত, মানসম্মত গ্র্যাজুয়েট ব্যাচ উপহার দিতে পেরেছি—এটাই আমাদের অর্জন।”
তিনি আরও বলেন, “আমাদের বিভাগ একটি পরিবারের মতো। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিবেশ তৈরি হয়েছে। কমিটমেন্ট, সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ পরিবার হয়ে উঠতে পারব।”
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া বলেন, “আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আপনারা তরুণ প্রজন্ম, আপনাদের মধ্যে নতুন কিছু করার সামর্থ্য রয়েছে। মনে রাখবেন, অর্জিত সনদ কেবল কাগজের টুকরো, যদি না আপনারা নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করতে পারেন। জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।”







