ক্যাম্পাস

রাকসুর অভ্যন্তরীণ বিষয় নিয়ে দ্বন্দ্ব; ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাকসুর অভ্যন্তরীণ বিষয় নিয়ে দ্বন্দ্ব; ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জিএস সালাউদ্দিন আম্মারের অভিযোগকে কেন্দ্র করে ভিপি ও কয়েকজন সম্পাদকের পাল্টাপাল্টি বক্তব্যে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে।


শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এ বিষয়ে প্রতিক্রিয়া জানালে বিষয়টি সামনে আসে।


জিএস সালাউদ্দিন আম্মার অভিযোগ করেন, পরিষদের অধিকাংশ সদস্য একই প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় ভিন্ন প্যানেলের প্রতিনিধিদের মতামত যথাযথ গুরুত্ব পায় না।


তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রে প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন ভিপির সংশ্লিষ্টতায় হয় এবং স্বচ্ছতার প্রশ্নে তিনি কিছু কার্যক্রমে অংশ নেননি।


এর আগে ৬ এপ্রিল অনুষ্ঠিত এক সেমিনারে উপস্থিত না থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অংশ নেন।


তবে জিএসের অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছেন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তার দাবি, সব সদস্যের মতামত বিবেচনায় নিয়েই রাকসুর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সম্পাদকরাই তাদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেন।


জিএসের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে ভিপি বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেওয়ার পরও বাইরে ভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা দায়িত্বশীল আচরণ নয়।


অন্যদিকে রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জোহাও জিএসের অভিযোগ নাকচ করে বলেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে গিয়ে তিনি অন্যদের দোষারোপ করছেন।


প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পায় তারা, আর বাকি তিনটি পদে জয়ী হন স্বতন্ত্র ও ছাত্রদল-সমর্থিত প্রার্থীরা।


সম্পর্কিত খবর