ক্যাম্পাস

জহুরুল হক হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

শেয়ারঃ

জহুরুল হক হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল-এ গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা।


সম্প্রতি হলের কয়েকজন শিক্ষার্থী তাদের ওপর সংঘটিত গেস্টরুম নির্যাতনের বিভিন্ন প্রমাণ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে নবাগত শিক্ষার্থীদের সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে গেস্টরুম সংশ্লিষ্ট বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থীদের ওপর নির্যাতন, মানসিক চাপ এবং অমানবিক পরিবেশের চিত্র তুলে ধরা হয়।


বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এসব অপসংস্কৃতির ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতে এ আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।


কর্মসূচিতে হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে ভয়াবহ আতঙ্কের প্রতীক হয়ে আছে। নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগের মাধ্যমে একটি ভয়াবহ পরিবেশ তৈরি করা হয়েছিল।


তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিচয়ের আড়ালে থেকে কিছু ব্যক্তি গেস্টরুম নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, যারা বর্তমানে একটি বিশেষ ছাত্রসংগঠনের পরিচয়ে সক্রিয় রয়েছে। এ ধরনের ব্যক্তিদের বিষয়ে নবীনদের সতর্ক করতেই পূর্ববর্তী ঘটনার তথ্য ও বিবরণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।


তিনি আরও জানান, গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে।


তিনি বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক জ্ঞানচর্চা, মানবিকতা ও নিরাপদ সহাবস্থানের স্থান। সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে আর কখনো গেস্টরুম-গণরুম সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না। এটাই আমাদের অঙ্গীকার।”


এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান, সদস্য সচিব শাহরিয়ার লিওন, যুগ্ম আহ্বায়ক ওমর আব্দুল্লাহ চৌধুরী জিন্নাহসহ হল পর্যায়ের নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর