ক্যাম্পাস
জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে গেলেও তিনটি আমল অব্যাহত থাকে এর মধ্যে অন্যতম হলো নেক সন্তানের দোয়া।
তিনি উল্লেখ করেন, সন্তানের আন্তরিক দোয়া আল্লাহর দরবারে বিশেষভাবে গ্রহণযোগ্য। তাই বাবা-মা ইন্তেকালের পর তাঁদের জন্য নিয়মিত দোয়া করা সন্তানের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ইসলামে বাবা-মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চে প্রতিষ্ঠিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হাদিসে মায়ের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে তুলে ধরা হয়েছে। সে কারণে জীবদ্দশায় তাঁদের প্রতি সদয় আচরণ করা এবং সন্তুষ্ট রাখা প্রত্যেক সন্তানের কর্তব্য।
উপাচার্য আরও উল্লেখ করেন, ছাত্রদল কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়; সংগঠনটি মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেও নানা উদ্যোগ গ্রহণ করে। সহযোদ্ধা ও সাবেক নেতার মায়ের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন তারই একটি উদাহরণ।
মায়ের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান আসলাম বলেন, বাবা-মায়ের মূল্য অনেকেই তাদের জীবিত অবস্থায় উপলব্ধি করতে পারেন না। ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের জন্য তাদের বাবা-মা সবসময় দুশ্চিন্তায় থাকেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করে। তিনি উপস্থিত সবার কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রইছ উদ্দীন,জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মুর্শেদ ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, সাদা দলের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান।
ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,জবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ নাসির, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুলহাস মৃধা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান প্রমুখ।
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।



