ক্যাম্পাস

পদত্যাগের ঘোষণা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

জবি প্রতিনিধি

শেয়ারঃ

পদত্যাগের ঘোষণা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম। তাকে থাপ্পড় দিয়ে সাময়িক বহিষ্কার হওয়ার পরও ছাত্রদল সমর্থিত প্যানেলের হল সংসদের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে বিভাগের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন তিনি।


সোমবার (৪ মে) বিকেলে জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে ভিপি জানিয়েছেন, তা এখনো গৃহীত হয়নি।


জানা গেছে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী জবি’র আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। সোমবার তার তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষা ছিল।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের এক শিক্ষার্থী জানান, নেলী ভাইভায় অংশ নিতে বিভাগে এসে উপস্থিতি শিটে স্বাক্ষর করেন। তবে তার সিরিয়াল আসার আগেই জকসুর নেতারা বিভাগে গিয়ে অভিযোগ জানান। পরে তার সিরিয়াল এলেও তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। অন্যান্য শিক্ষার্থীদের ভাইভা শেষ না হওয়া পর্যন্ত তাকে বিভাগীয় অফিসে অপেক্ষা করতে বলা হয়। পরবর্তীতে জকসু নেতাদের অভিযোগের পর তাকে ভাইভায় অংশ নিতে দেওয়া হয়।


এ বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন বলেন, “সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি যে সে পরীক্ষা দিয়েছে। সাময়িক বহিষ্কার থাকলে পরীক্ষায় অংশ নিতে বাধা নেই। তবে তদন্তে স্থায়ী বহিষ্কার হলে তার সব পরীক্ষা বাতিল হয়ে যাবে।”


সাময়িক বহিষ্কারের পরও নেলীকে ভাইভায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন জর্জিস আনোয়ার নাঈম। তিনি বলেন, “গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। গতকাল তাকে সাময়িক বহিষ্কার করা হলেও আজ তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছে। এটি আমাদের সঙ্গে ‘আইওয়াশ’ করার শামিল।”


তিনি আরও বলেন, “এ কারণে আমি জকসুর ভিপির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি, যা উপাচার্যের কাছে পাঠানো হবে। এই ঘটনার বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম।”


উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৮ম ইনডোর গেমসের তৃতীয় দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দেন সাদিয়া সুলতানা নেলী। পরবর্তীতে তিনি ফেসবুকে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করে আবারও হুমকি দেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে এবং তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে।


সম্পর্কিত খবর