জাতীয়

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক যেকোনো চুক্তি উভয় দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়ে ‘উইন-উইন’ ভিত্তিতে সম্পাদিত হয়।


মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়; বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। “রাষ্ট্রীয় চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছেমতো বাতিল করা যাবে। আমরা এটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই,”—তিনি উল্লেখ করেন।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। তার মতে, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো।


দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা (ওভার ক্যাপাসিটি) নেই এবং ডাম্পিংয়ের অভিযোগও সঠিক নয়। “বাংলাদেশ মূলত আমদানিনির্ভর অর্থনীতি। রপ্তানিমুখী খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, কঠোর আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স মেনে পরিচালিত হয়,”—তিনি বলেন।


চুক্তি বাতিলের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে চুক্তির কাঠামোর মধ্যেই তা সংশোধনের সুযোগ রয়েছে।


বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


সম্পর্কিত খবর