ক্যাম্পাস

জাবিতে নতুনদের ক্লাস শুরু ১৭ জুন, ১৯ মে’র মধ্যে মেয়াদোত্তীর্ণদের হল ছাড়ার নির্দেশ

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবিতে নতুনদের ক্লাস শুরু ১৭ জুন, ১৯ মে’র মধ্যে মেয়াদোত্তীর্ণদের হল ছাড়ার নির্দেশ- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ১৭ জুন। আবাসিক হলে নবীনদের সিট নিশ্চিত করতে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও হলে অবস্থান করা শিক্ষার্থীদের ১৯ মে’র মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, “আগামী ১৭ জুন ২০২৬ থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


এতে আরও বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইতোমধ্যে ৫৩তম ও ৫৪তম ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য হলগুলোতে আসন বরাদ্দ নিশ্চিত করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে আসন না ছেড়ে হলে অবস্থান করছেন, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”


এ প্রেক্ষিতে প্রশাসন নির্দেশ দিয়েছে, বর্তমানে যারা হলে অবস্থান করছেন তারা যেন ১৯ মে’র মধ্যে স্বেচ্ছায় হল ত্যাগ করেন এবং ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করতে হল কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।


সম্পর্কিত খবর