জাতীয়

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট–সমর্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।


ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ায় প্রাথমিকভাবে জামায়াত জোট–সমর্থিত আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে মনোনয়ন দাখিলের শেষদিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। সময়সীমা অতিক্রম হওয়ায় তখন তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।


পরবর্তীতে নুসরাত তাবাসসুম বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে।


এদিকে মনিরা শারমিন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে আদালতে রিট করেন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ জানান, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত যেন নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করা হয়।


তবে সোমবার (৪ মে) হাইকোর্টের একটি বেঞ্চ ওই রিটের শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করে মামলাটি অন্য বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয়। কারণ সংশ্লিষ্ট বেঞ্চের এক বিচারপতি ও রিট আবেদনকারী একই গ্রামের বাসিন্দা হওয়ায় বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।


এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে।


সম্পর্কিত খবর