ক্যাম্পাস
রাবিতে বিশ্ববিদ্যালয়ের ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড বিতরণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাকসু ভবনের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়, যা টানা তিন দিন চলবে বলে জানা গেছে।
রাবির স্টুডেন্ট আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী এই কার্ড গ্রহণের সুযোগ পাচ্ছেন। যাদের ইতোমধ্যে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা পুরাতন কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিতে পারছেন। এছাড়া নতুন শিক্ষার্থীরা অন-স্পট স্বল্প সময়ের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে কার্ড সংগ্রহ করতে পারছেন।
অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে এনআইডি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, এনআইডি এবং নমিনির এনআইডি প্রয়োজন হচ্ছে। আর যাদের এনআইডি নেই, তারা জন্ম নিবন্ধন সনদ, স্টুডেন্ট আইডি কার্ড, শিক্ষার্থীর ছবি, নমিনির ছবি ও নমিনির এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারছেন।
এছাড়া বুথে আসার আগে শিক্ষার্থীদের মোবাইলে ‘সেলফিন’ অ্যাপ ইনস্টল করে আনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দ্রুততার সঙ্গে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
কার্ড গ্রহণ বা ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক নয়। তবে পাসপোর্ট থাকলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ডুয়েল কারেন্সি বা আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা চালু করা সম্ভব। পরবর্তীতে আলুপট্টি শাখা থেকেও এই সুবিধা সক্রিয় করা যাবে।
কার্ড নিতে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী উম্মে জয়নব বলেন, “আমি আগে এমন কার্ড ব্যবহার করিনি। ফেসবুকে পোস্ট দেখে এটি নিতে আগ্রহী হই। আগে থেকেই প্রক্রিয়া জানিয়ে দেওয়ায় খুব সহজেই কার্ডটি পেয়েছি। সেলফিন অ্যাপের মাধ্যমে সব কাজ শেষ করে দ্রুত কার্ড হাতে পেয়েছি, আমি খুবই আনন্দিত।”
আরবি বিভাগের শিক্ষার্থী আবু তালহা বলেন, “রাকসুর পেজ থেকে জানতে পারি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ছবি সংবলিত স্পেশাল কার্ড দেওয়া হচ্ছে। অনলাইনে সব কাজ শেষ করে মাত্র ৫–১০ মিনিটেই কার্ডটি পেয়েছি। ক্যাম্পাসে এমন একটি সুবিধা পেয়ে ভালো লাগছে।”
এ বিষয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, “বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি এটিএম কার্ড বিতরণ করা হচ্ছে। এতে কোনো কার্ড ফি বা লেনদেন চার্জ নেই। পাশাপাশি ইন্টারন্যাশনাল পেমেন্ট ও শিক্ষা ফি পরিশোধ সহজ হবে। শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা আরও সহজ করাই আমাদের লক্ষ্য। এই কার্যক্রম তিন দিনব্যাপী চলবে।”





