ক্যাম্পাস
জকসুর উদ্যোগে জবি ক্যাম্পাসে শতাধিক রাউটার স্থাপনের উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে পুরো ক্যাম্পাসজুড়ে শতাধিক রাউটার স্থাপন করা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ঘোষণায় এ তথ্য জানান জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৯০টি রাউটার ক্যাম্পাসে এসে পৌঁছেছে এবং স্থাপনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “রাউটারগুলোর স্থাপন কাজ সম্পন্ন হলে ইন্টারনেট সমস্যার বড় একটি অংশের সমাধান হবে। বাকি রাউটারগুলো দ্রুত এসে পৌঁছালে আমরা পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাব।”
রিয়াজুল ইসলাম জানান, জকসু গঠনের পরপরই তৎকালীন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ইন্টারনেট সমস্যার সমাধানে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও হীট প্রকল্পের সঙ্গে সমন্বয় করে রাউটার স্থাপনের উদ্যোগ নেন।
তিনি বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দ্রুত রাউটারগুলো গ্রহণ করে স্থাপনের কাজ শুরু করার জন্য প্রশাসনকে ধন্যবাদ। একই সঙ্গে বাকি রাউটারগুলো দ্রুত এনে নির্ধারিত স্থানে স্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি সম্পূর্ণভাবে দূর করার আহ্বান জানাচ্ছি।”






